হামার কুড়িগ্রাম

শতবর্ষী হাফিজ উদ্দিনের ঘরে পৌঁছাল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার শতবর্ষী হাফিজ উদ্দিনের ঘরে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, বার্ধক্য ও নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করা এই প্রবীণের জীবনসংগ্রামের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হয়।

রোববার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমানের তত্ত্বাবধানে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় কার্যসহকারী আনিছুর রহমান, উপসহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. ফজলুল করিম ফারাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সহায়তার দুটি প্যাকেজে চাল, ডাল, তেল, চিনি, লবণ, মরিচ ও পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। হাফিজ উদ্দিনের দুর্দশার বিষয়টি জানার পর তার জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রাণ পেয়ে আবেগাপ্লুত হাফিজ উদ্দিন বলেন, “অনেক দিন পর আমার খোঁজ নিয়েছে মানুষ। এই সহযোগিতা আমার জন্য অনেক বড় পাওয়া।”

স্থানীয়দের দাবি, খাদ্য সহায়তার পাশাপাশি হাফিজ উদ্দিনের জন্য একটি স্বাস্থ্যসম্মত টয়লেট, হুইলচেয়ার, সৌরবিদ্যুতের ব্যবস্থা এবং বাড়ি পর্যন্ত চলাচল উপযোগী রাস্তা নির্মাণ করা হলে জীবনের শেষ সময়ে তিনি আরও স্বস্তিতে থাকতে পারবেন।

স্থানীয়দের মতে, এই সহায়তা মানবিকতার একটি প্রশংসনীয় উদাহরণ হলেও শতবর্ষী এই বৃদ্ধের স্থায়ী জীবনমান উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

Exit mobile version