রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় ‘সালেহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ১০০ গজ দক্ষিণে বিজিবি ক্যাম্পের সামনে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও অনুমোদনসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। তবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আবু হানিফ উজ্জল কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি।
এ সময় স্বত্বাধিকারী জানান, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ না থাকায় প্রশাসন সেটি সিলগালা করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হাসান বলেন, “ডায়াগনস্টিক সেন্টারটির বৈধ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।”
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা এলাকায় চিকিৎসাসেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা ইউএনওকে জানান। কয়েকজন বাসিন্দা অনুমোদনহীনভাবে চিকিৎসাসেবা দেওয়া এবং ভুয়া চিকিৎসকের বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করেন।
এ ছাড়া চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের প্রচারে অতিরিক্ত মাইকিংয়ের বিষয়েও অভিযোগ করেন স্থানীয় এক ব্যক্তি। তাঁর অভিযোগ, অতিরিক্ত মাইকিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইউএনও।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সামাদ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
