হামার কুড়িগ্রাম

রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে নিখোঁজ তিন যুবক, অবস্থান সম্পর্কে জানে না বিজিবি

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ভুন্দুরচর শূন্যরেখায় টানা ১৭ দিন অবস্থান করার পর তিন যুবককে আর দেখা যাচ্ছে না। তাদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

বুধবার সকালে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সাংবাদিকদের বলেন, ভোর থেকে ওই তিন যুবককে শূন্যরেখায় আর দেখা যাচ্ছে না। তারা কোথায় বা কীভাবে সেখান থেকে চলে গেছেন, সে বিষয়ে বিজিবির কাছে কোনো তথ্য নেই। তবে সীমান্তজুড়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

এর আগে গত ১৪ জুন রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ছয়জন এবং ভুন্দুরচর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সে সময় বিজিবির বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর নয়জনই দীর্ঘদিন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন।

পরে গয়টাপাড়া সীমান্তে অবস্থান করা ছয়জন একসময় সেখান থেকে সরে যান। সর্বশেষ বুধবার ভুন্দুরচর সীমান্তে থাকা তিন যুবককেও আর দেখা যায়নি।

রৌমারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমিন জানান, সকালে তিনি ভুন্দুরচর সীমান্তে গিয়ে তিন যুবককে দেখতে পাননি। বর্তমানে সীমান্তের ওই অংশ ফাঁকা রয়েছে এবং বিএসএফের টহলও সেখানে আর দেখা যাচ্ছে না।

Exit mobile version