নিউজ ডেস্ক
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) ভোররাতে রৌমারী সরকারি কলেজ মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রৌমারী থানার কলেজপাড়া এলাকার বাসিন্দা মোঃ নুর আলম (৩৬)। পুলিশ তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”
তিনি আরও বলেন, “কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সম্প্রতি কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইনসহ নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার ও একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

