অনলাইন নিউজ ডেস্ক
কুড়িগ্রামের রৌমারীতে সিসি ক্যামেরা দিয়ে পাহারা দেওয়া একটি মাদক আখড়ায় টাস্কফোর্সের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার খাটিয়ামারী গ্রামে এ অভিযান চালানো হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার জানান, অভিযানে বাড়িটি থেকে ৩৩০ পিস ইয়াবা, ১৫টি সিসি ক্যামেরা, একটি ডিভিআর, একটি মনিটর ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি জাহের আলী ওরফে ফকির চাঁনের স্ত্রী মফিতা বেগম এবং নিজাম উদ্দিনকে আটক করা হয়। তবে মূল আসামি ফকির চাঁনকে আটক করা সম্ভব হয়নি।
টাস্কফোর্স সূত্রে জানা গেছে, নির্বিঘ্নে মাদক কারবার পরিচালনার জন্য বাড়ির চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করে পুলিশ ও প্রশাসনের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো।
ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, “টাস্কফোর্সের অভিযানে মাদক উদ্ধার ও দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

