Site icon হামার কুড়িগ্রাম

রৌমারীতে বিদ্যালয়ে তালা: বিক্ষোভ ও মানববন্ধন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার আমবাড়ী ফ্রেন্ডশিপ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
বুধবার দুপুরে দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, প্রায় এক মাস ধরে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। এতে করে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস থেকে বঞ্চিত হয়ে খোলা জায়গা বা বাড়িতে বসে পাঠ নিচ্ছে।
তাদের অভিযোগ, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিরোধের জেরে ইচ্ছাকৃতভাবে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, নির্দিষ্ট পরিবার থেকে শিক্ষক নিয়োগ না দেওয়ায় গত ৫ মার্চ থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু তালাবদ্ধ থাকায় তাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। চরাঞ্চলে বিকল্প কোনো বিদ্যালয় না থাকায় সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তবুও দ্রুত সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় খুলে দেওয়ার জোর দাবি জানায় এবং স্বাভাবিক পাঠদান চালুর আহ্বান জানায়।

Exit mobile version