রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সায়দাবাদ বাজারে ট্রান্সফরমার পরিবর্তনের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বাজারের প্রতিটি দোকান থেকে ১০০ টাকা করে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ঘটনায় টাকা আদায়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সায়দাবাদ বাজারের বিভিন্ন দোকান থেকে দোকানপ্রতি ১০০ টাকা করে সংগ্রহ করা হয়েছে। সাইদুর রাইস মিলের এক গ্রাহকের মাধ্যমে এসব টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ট্রান্সফরমার পরিবর্তনের জন্য লাইনম্যান সুজন ও ইয়াসিনের বিরুদ্ধে ৬ হাজার টাকা দাবি করার অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে লাইনম্যান সুজন ও ইয়াসিন জানান, ট্রান্সফরমার পরিবহন ও শ্রমিকের খরচ বাবদ টাকা সংগ্রহ করতে বলা হয়েছিল। তাঁদের দাবি, ওই খরচ মেটানোর জন্যই গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
অন্যদিকে, রৌমারী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী দেলোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রান্সফরমার পরিবর্তনের জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। এ কাজে গ্রাহকদের কোনো টাকা লাগে না বলেও তিনি উল্লেখ করেন।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ট্রান্সফরমার পরিবর্তনে গ্রাহকদের টাকা দেওয়ার প্রয়োজন না থাকলেও পরিবহন ও শ্রমিকের খরচের কথা বলে টাকা সংগ্রহের অভিযোগ ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে টাকা সংগ্রহের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
