ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসামির বাবা ও ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ এলাকায় অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা-পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. শাখাওয়াত হোসেনকে (৩৬) গ্রেপ্তারের জন্য এ অভিযান চালানো হয়।
ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল শাখাওয়াতের বাড়িতে গিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় হামলার ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, শাখাওয়াতের বাবা আব্দুস ছামাদের (৬৫) নির্দেশে অন্য আসামিরা ও অজ্ঞাতনামা কয়েকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের মারধর, সরকারি কাজে বাধা এবং গ্রেপ্তার শাখাওয়াতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শাখাওয়াত হোসেন, তাঁর বাবা আব্দুস ছামাদ ও ভাই শাহাদাৎ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার অন্য নামীয় আসামিরা হলেন ছালেহা বেগম (৫০), মর্জিনা বেগম (২৮), শিউলি বেগম (৩০) ও আতিকুর রহমান (৪৫)। তাঁদের সবার বাড়ি উপজেলার বেলদহ এলাকায়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।
এসআই হারুন অর রশিদ বাদী হয়ে গত ১৬ অক্টোবর ভূরুঙ্গামারী থানায় মামলাটি করেন। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৫৩, ১৮৬, ১৮৮, ২২৪, ২২৫, ৩৩২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
