হামার কুড়িগ্রাম

রিয়াজুলের ডায়ালাইসিসের খরচ জোগাতে দিশেহারা পরিবার

ডেস্ক নিউজ | হামার কুড়িগ্রাম

জ্বর দিয়ে শুরু হয়েছিল অসুস্থতা। পরে দেখা দেয় জন্ডিস। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, দুই কিডনিই ক্ষতিগ্রস্ত হয়েছে রিয়াজুল ইসলাম রয়েলের (৩৫)। পাশাপাশি লিভারেও সমস্যা দেখা দিয়েছে। এখন জীবন বাঁচাতে সপ্তাহে দুই থেকে তিন দিন ডায়ালাইসিস করাতে হচ্ছে তাকে।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কৃষ্ণমঙ্গল গ্রামের বাসিন্দা রিয়াজুল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। গত ৬ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সেখানে ভর্তি করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে জ্বরে আক্রান্ত হন রিয়াজুল। প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে জন্ডিস দেখা দিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার দুই কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান চিকিৎসকেরা। এরপর থেকেই নিয়মিত ডায়ালাইসিস চলছে।

পরিবারের হিসাবে, ডায়ালাইসিস, ওষুধ ও অন্যান্য চিকিৎসা বাবদ প্রতিদিন প্রায় ৩ হাজার ৫০০ টাকা খরচ হচ্ছে। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে। ধারদেনা করেও এখন চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।

রিয়াজুলের স্ত্রী ও এক ছেলে রয়েছে। ঢাকায় রিকশাচালক ও বাসের হেলপার হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার আয় বন্ধ রয়েছে।

রিয়াজুলের বড় ভাই আনোয়ারুল ইসলাম রানা বলেন, ‘সামান্য যে সঞ্চয় ছিল, সেটাও চিকিৎসায় শেষ হয়ে গেছে। এখন ধারদেনা করে চিকিৎসা চালাতে হচ্ছে। ভাইকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। কিন্তু চিকিৎসার খরচ চালানো আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।’

উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, চিকিৎসাসংক্রান্ত সব প্রতিবেদন নিয়ে সরকারি সহায়তার জন্য আবেদন করতে পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নীতিমালার আওতায় যতটুকু সহায়তা করা সম্ভব, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তা দেওয়ার চেষ্টা করা হবে।

রিয়াজুলের চিকিৎসা চালিয়ে নিতে সামর্থ্যবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।

সহায়তা পাঠানোর ঠিকানা

ব্যাংক: অগ্রণী ব্যাংক, রংপুর শাখা
সঞ্চয়ী হিসাব: ০২০০০২৪৭২৯৪৯৬
বিকাশ: ০১৭২৮৩৩১৫৮৫

Exit mobile version