হামার কুড়িগ্রাম

রাস্তা সংস্কার কাজের উদ্বোধন ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সোহেল হোসনাইন কায়কোবাদ

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রামে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে বিভিন্ন এলাকায় সফর করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

সফরের শুরুতে তিনি কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কাঁচা ও ওয়াদ্দাবা (ভাঙাচোরা) রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জনবান্ধব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য কুড়িগ্রাম গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

এরপর তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদাহ ও ভোগডাঙ্গা ইউনিয়ন এবং নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বিভিন্ন নদীভাঙন কবলিত এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নদীভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত সড়কের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

Exit mobile version