হামার কুড়িগ্রাম

রামখানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে মৃত ব্যক্তির নাম; এলাকায় আলোচনা-সমালোচনা

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন বিএনপির নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিতে মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। কমিটিতে প্রয়াত আফাজ উদ্দিনকে ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত সোমবার নাগেশ্বরী উপজেলা বিএনপির পক্ষ থেকে রামখানা ইউনিয়ন বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা এবং সদস্য সচিব মোখলেছুর রহমান স্বাক্ষরিত ওই কমিটিতে আফাজ উদ্দিনকে ৬ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগের সত্যতা যাচাই করতে কমিটিতে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেন আফাজ উদ্দিনের স্ত্রী। তিনি জানান, তাঁর স্বামী আফাজ উদ্দিন ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন। ফলে মৃত্যুর কয়েক মাস পর তাঁকে সাংগঠনিক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি স্থানীয়দের মধ্যে বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে।

স্থানীয়দের দাবি, এ ধরনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কমিটি প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও তথ্য যথাযথভাবে যাচাই করা প্রয়োজন ছিল। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সংশোধন এবং দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Exit mobile version