হামার কুড়িগ্রাম

রাজারহাটে হিজবুল আরাফাত সম্মেলন ও কালী মন্দির উদ্বোধনে সোহেল কায়কোবাদ, সম্প্রীতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একই দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হিজবুল আরাফাত সম্মেলন-২০২৬-এ অংশগ্রহণ এবং একটি কালী মন্দিরের উদ্বোধন করে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

প্রথমে উপজেলার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত হিজবুল আরাফাত সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ি সার্বজনীন শ্মশান কালী মন্দিরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, মন্দির পরিচালনা কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহাবস্থান ও সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্যকে সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

স্থানীয়রা বলেন, একই দিনে দুটি ভিন্ন ধর্মীয় আয়োজনে তাঁর অংশগ্রহণ পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক ঐক্যের ইতিবাচক বার্তা বহন করেছে।

Exit mobile version