ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জামায়াত–এনসিপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় হাসান জিহাদী, তানজিম হাসান, নাছির লিমনসহ কয়েকজন আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ তারিখ রাতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনার পর বিরোধ আরও বাড়ে বলে দাবি করা হয়েছে।
পরদিন রাত আনুমানিক ৮টার দিকে সরিষাবাড়ি এলাকায় নাছির লিমনকে মারধরের অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অন্যদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগকারীরা জানান। হামলার সময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযোগ রয়েছে, প্রশাসনকে অবহিত করা হলেও ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

