রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তাঁর অভিযোগ, অনশনের খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে গেছেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে স্বামী মো. ইমদাদুল হক রিয়াদের (২৪) বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
অনশনরত সাদিয়া আক্তার মীম উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার মেয়ে। তাঁর স্বামী রিয়াদ পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
সাদিয়ার দাবি, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় ২০২৩ সালে তাঁরা বিয়ে করেন। তবে রিয়াদের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি। পরে চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে ১৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে পুনরায় বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করেন তাঁরা।
সাদিয়ার অভিযোগ, গত এক মাস ধরে রিয়াদ তাঁকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে কাবিননামা ও বিয়ের অন্যান্য প্রমাণপত্র নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন তিনি। তাঁর দাবি, স্ত্রী হিসেবে স্বীকৃতি ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, দুপুরে মেয়েটি ছেলের বাড়িতে আসেন। পরে ছেলের মা-বাবা তাঁকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে চলে যান। রাত হলেও তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
একই গ্রামের আব্দুস সালাম বলেন, মেয়েটির কাছে কাবিননামা রয়েছে। ছেলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের প্রমাণও তিনি সঙ্গে নিয়ে এসেছেন। ছেলেটি মেয়েটিকে চাইলেও পরিবারের চাপে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে তাঁর ধারণা।
স্থানীয়দের মতে, বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রিয়াদ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
