
মোশাররফ হোসেন ।। রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্কুল মাঠে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাস, নগদ টাকা ও বিভিন্ন আলামত জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ওমর মজিদ ইউনিয়নের নওদাবাস হাই স্কুল মাঠ থেকে তাদের আটক করে রাজারহাট থানা পুলিশ।
আটককৃতরা হলেন— আবুল কালাম, হারুন অর রশিদ, মিজানুর রহমান, জয়নাল আবেদীন, চাম্পা মিয়া ও আজিজুল ইসলাম।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।”
এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সুযোগ পেলেই কিছু অসাধু ব্যক্তি জুয়ার আসর বসাত। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছিল এবং এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছিল। পুলিশ অভিযানে নামায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :