রাজারহাটে সরকারি গাছ লোপাটের অভিযোগ: ইউএনও’র নাম ভাঙিয়ে সাবেক কর্মচারী ও ডাকবাংলোর কেয়ারটেকারের দৌরাত্ম্য


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৬, ৭:০১ অপরাহ্ন /
রাজারহাটে সরকারি গাছ লোপাটের অভিযোগ: ইউএনও’র নাম ভাঙিয়ে সাবেক কর্মচারী ও ডাকবাংলোর কেয়ারটেকারের দৌরাত্ম্য

রতন রায় | রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দীর্ঘদিন ধরে সরকারি গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সাবেক পরিচ্ছন্নতাকর্মী ও জেলা পরিষদের ডাকবাংলোর কেয়ারটেকারের বিরুদ্ধে। প্রশাসনের নাম ব্যবহার করে এসব অবৈধ কর্মকাণ্ড চালানো হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাবেক পরিচ্ছন্নতাকর্মী আব্দুল জব্বারের বাড়ি থেকে সরকারি গাছের একাধিক বড় গুঁড়ি উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, জেলা পরিষদ ডাকবাংলোর কেয়ারটেকার মোঃ নাজমুল হোসেন এবং ইউএনও বাসভবনের সাবেক পরিচ্ছন্নতাকর্মী আব্দুল জব্বার যোগসাজশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মূল্যবান সরকারি গাছ কেটে আসছিলেন। গাছ কাটার সময় তারা নিজেদের ‘ইউএনও মহোদয়ের লোক’ বলে পরিচয় দিতেন, ফলে সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পেত না।

গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সংবাদকর্মীরা আব্দুল জব্বারের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি কাঠ ও বড় গুঁড়ি দেখতে পান। স্থানীয়দের অভিযোগ, কাটা গাছগুলো প্রথমে সেখানে মজুত করে পরে সুবিধাজনক সময়ে বিক্রি করা হতো। এলাকাবাসীর ধারণা, এই চক্রের সঙ্গে আরও প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে।

চাকিরপশার পাঠকপাড়ার বাসিন্দা আপেল আহমেদ জানান, গত সপ্তাহে মাইনর স্কুল সংলগ্ন একটি তেল পাম্পের সামনে দুটি সরকারি গাছ কাটার চেষ্টা করেন আব্দুল জব্বার।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল জব্বার তার দায় কেয়ারটেকার নাজমুল হোসেনের ওপর চাপান। অন্যদিকে অভিযুক্ত নাজমুল হোসেন দাবি করেন, ইউএনও’র নির্দেশে গাছ কাটা হয়েছিল। যদিও আব্দুল জব্বারের বাড়িতে পাওয়া গাছের গুঁড়ির বিষয়ে তিনি বলেন, তা খড়ি হিসেবে দান করা হয়েছিল।

এলাকাবাসীর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সরকারি গাছ লোপাট করে আসছে এবং প্রতিবারই ইউএনও’র নাম ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, তিনি কখনো গাছ কাটার নির্দেশ দেননি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।