হামার কুড়িগ্রাম

রাজারহাটে মন্দির পরিদর্শন ও শাড়ি বিতরণ করলেন জেলা প্রশাসক

রাজারহাট প্রতিনিধি

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা নিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির পরিদর্শন ও শাড়ি বিতরণ করেন জেলা প্রশাসক।

শাড়ি বিতরণ শেষে শুভেচ্ছা বক্তব্যে অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘জাতপাত ভুলে সবার আগে আমরা মানুষ। এরপর মানবতা, তারপর অন্য কিছু।’ তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের মধ্যে কুসংস্কার কিংবা হিন্দু-মুসলমান পরিচয়ের ভিত্তিতে ভেদাভেদ ও বৈষম্যের মানসিকতা তৈরি করা যাবে না। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।

এ সময় বক্তব্য দেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি সরকার অরুণ যদু, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সদস্যসচিব মিলি কায়কোবাদসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর রাজারহাট উপজেলায় মোট ১২৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

মন্দির পরিদর্শন ও শাড়ি বিতরণ কর্মসূচিতে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখতে পারে।

Exit mobile version