
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চায়না বাজারে হিলফুল ফুজুল-শান্তি সংঘ পরিচালিত শান্তি সংঘ পাঠশালায় শনিবার অনুষ্ঠিত হয়েছে “সমাজে সুনাগরিক তৈরীতে মক্তব গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম রাসুল রাখী, ইউনিয়ন পরিষদের সদস্য লিটন সরকার, জামায়াতে ইসলামী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আমীর খলিলুর রহমান রুকু, জাতীয়তাবাদী ছাত্রদলের ইউনিয়ন সভাপতি রাকিবুল হাসান, মার্লিন সেবা ঘরের পরিচালক মো. মামুন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব তারেক খান মজলিসসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, মক্তব শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং এটি শিশুদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য অপরিহার্য। তাঁরা মক্তব শিক্ষার আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকারি-বেসরকারি উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন “আমি মক্তবে যা শিখেছি তা আজও মনে আছে। শুদ্ধ বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি শেখাও সমান জরুরি। মক্তব কার্যক্রম পরিচালনায় উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম রাসুল রাখী বলেন- “মক্তব হতে পারে সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটানো সম্ভব।”
সভা পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শান্তি সংঘের আহ্বায়ক হাসান জিহাদী। তাঁর বক্তব্যে তিনি বলেন- “কোনো শিশুকে মক্তবেই যদি ইসলামের ভিত্তি স্থাপন করা যায়, তাহলে সে যতোই চারুকলা কিংবা সাইন্স পড়ুক, সে নাস্তিক হয় না। দেশে এলজিবিটিকিউ নামে নতুন ভাইরাস সংক্রামিত হচ্ছে, ধর্মীয় মূল্যবোধ ও মক্তব শিক্ষা হারিয়ে যাওয়ায় আজ অপসংস্কৃতি ডানা মেলছে, মক্তব কার্যক্রম-ই পারে এই অপসংস্কৃতি ঠেকিয়ে দিতে”
অনুষ্ঠানে শান্তি সংঘ পাঠশালার শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। শেষে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :