ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নাজিমখান ইউনিয়নের মমিন ও মল্লিক বেগ কুঠিপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বকসি (৪৬) ও মজনু মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা প্রকাশ্যে মাদক সেবন করে এলাকায় অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”
