মোঃ জাহিদ হাসান, রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাটে রাজনৈতিক এনসিপির জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক চৌধুরী রিংকু র্যাবেনকে নিয়ে সাইলেন্ট আশরাফুল নামের ফেসবুক পেজে একটি পোস্টকে কেন্দ্র করে প্রথমে এনসিপি ও বিএনপির সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে তুমুল মারামারির হয়। গত রবিবার রাত আনুমানিক ১১:০০ মিনিটের দিকে রাজারহাট রেলগেট এলাকায় এই সংঘর্ষ ঘটে। এই ঘটনায় সওদাগর পাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা আশরাফুল মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাটে এনসিপি-এর পক্ষ থেকে ব্যানার লাগানোকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দুই দলের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে সাবেক ছাত্রদলের সদস্য আশরাফুল মিয়া তার ফেসবুক আইডি থেকে এনসিপি-এর ব্যানার এবং দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে একটি পোস্ট দেন।
অভিযোগ উঠেছে, এই ফেসবুক পোস্টের জের ধরেই আজ রাতে রাজারহাট রেলগেট এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসেন। কথাকাটাকাটির একপর্যায়ে তা তুমুল মারামারিতে রূপ নেয়। সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে সাবেক ছাত্রদল নেতা আশরাফুল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।
এই ঘটনার পর থেকে রাজারহাট রেলগেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এখন কোনো পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি তা নিশ্চিত করেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুনুর রশিদ।

