হামার কুড়িগ্রাম

রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, অংশ নিলেন ৫০০ মানুষ

রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, অংশ নিলেন ৫০০ মানুষ

কে. এম. মামুন অর-রশিদ, রাজারহাট

‘এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ছিনাই ব্লাড ব্যাংকের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় ৫০০ মানুষ অংশ নেন।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তুহিন পাটোয়ারী, ছিনাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আরিয়ান আহমেদসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পেতে সহায়তা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তারা আরও জানান, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে ছিনাই ব্লাড ব্যাংকের প্রথম এই ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

Exit mobile version