
আব্দুল হাকীম সবুজ, রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাটে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। গণমাধ্যমে অসহায় প্রতিবন্ধী রফিকুল ইসলামের খবর প্রচারের পরপরই তিনি সরেজমিনে গিয়ে তার পাশে দাঁড়ান।
জানা যায়, গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে স্থানীয় ও জাতীয় কয়েকটি গণমাধ্যমে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া বালাটারী গ্রামের পঙ্গু প্রতিবন্ধী রফিকুল ইসলামের করুণ জীবনযাপনের সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি ইউএনও মো. আল ইমরানের নজরে এলে তিনি তাৎক্ষণিক উদ্যোগ নেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে ইউএনও নিজে রফিকুল ইসলামের বাড়িতে উপস্থিত হন। এ সময় তিনি তাকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও জানান, রফিকুল ইসলামকে “ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প”-এর আওতায় একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাছড়া বাজারে তার টং দোকানটি সংস্কার করে দেওয়া এবং অতিরিক্ত আর্থিক সহায়তার মাধ্যমে তার কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, রাজারহাট পথের আলো’র সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শিক্ষক আনিছুর রহমান লিটন, টি আর মটরস-এর স্বত্বাধিকারী রায়হানুল ইসলাম, নাজিমখান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য জামাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পঙ্গু অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তার স্ত্রী আমেনা খাতুন প্রায় দৃষ্টিশক্তিহীন। এতদিন তাদের জীবিকার একমাত্র অবলম্বন ছিল ভিক্ষাবৃত্তি। সংবাদ প্রকাশের পর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সহায়তায় এগিয়ে আসেন।
আপনার মতামত লিখুন :