রাজারহাটে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ১:০৯ পূর্বাহ্ন /
রাজারহাটে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

সোহেল রানা ।। রাজারহাট

দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদ হবে উন্নতি এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামের রাজারহাটে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: রহমত আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল আলম, এনসিপি’র রাজারহাট উপজেলা যুগ্ম সমন্বয়ক রাশেদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ,‎উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আবু তাহের,রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু,রাজারহাট সাংবাদিক ফোরামের সদস্য সচিব সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশীয় জাত সংরক্ষণে খামারিদের আরও সচেতন ও দক্ষ হতে হবে। এ ধরনের প্রদর্শনী কৃষক ও খামারিদের অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রদর্শনী স্টলে ছিল উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা গরু,ছাগল,হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য,ভেটেরিনারি উদ্ভাবনসহ নানা প্রদর্শন উপস্থাপন করেন। মোট ২৬টি স্টল নিয়ে এ প্রদর্শনী সাজানো হয়। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক ও বহু খামারি উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

আয়োজকদের মতে, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার,রোগ প্রতিরোধ,উন্নত জাত সংরক্ষণ ও টেকসই উৎপাদন ব্যবস্থার প্রচারের লক্ষ্যেই এই সপ্তাহের আয়োজন। দিনব্যাপী নানা প্রদর্শনী,আলোচনা ও পরামর্শ কার্যক্রমে খামারিরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।