
রতন রায় | রাজারহাট, কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাঝাপাড়া ধলগাছ এলাকায় আধ্যাত্মিক শান্তি ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন। দুই দিনব্যাপী এ ভক্তিমূলক আয়োজনে এলাকাজুড়ে বিরাজ করে ভক্তি, শৃঙ্খলা ও সমন্বয়ের এক অনন্য আবহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার যুগ্ম জেলা ও দায়রা জজ শ্রী অলরাম কার্জী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক ও রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শ্রী উত্তম কুমার মন্ডল (ডিএমএফ, ডাক্তার) বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার আগমনকে স্মরণীয় করে তোলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, সদস্য সচিব রতন কুমার রায়, সুজন কুমার রায়, পল্লব চন্দ্র রায়, তাপশ চন্দ্র রায়, তমাল চন্দ্র রায়, দেবাশীষ রায়, সাগর রায়সহ ফ্রন্টের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায় বলেন, “এই হরিবাসরী মহানাম যজ্ঞানুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্ত হোক—এটাই আমাদের কামনা। ঈশ্বর সবার মঙ্গল করুন। সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত সকল স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য রইল শুভকামনা।”
বিশেষ অতিথি শ্রী অলরাম কার্জী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এমন একটি পবিত্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় আমি গর্বিত। যজ্ঞ ও কীর্তনের এই জাঁকজমকপূর্ণ ও শান্তিময় পরিবেশ দেখে আমি মুগ্ধ। ভক্তদের হরিনাম শ্রবণের দৃশ্য হৃদয়স্পর্শী। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি—সকলেই সুখী হোন এবং বিশ্বব্রহ্মাণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হোক।”
দুই দিনব্যাপী এ আয়োজনে ভক্ত-অনুরাগীরা মহানাম সংকীর্তন ও ধর্মীয় লীলানুষ্ঠানে অংশ নেন। এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও প্রশাসনিক সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রীতি ও ভক্তির বন্ধনে সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের মতে, এ ধরনের সামাজিক-সাংস্কৃতিক আয়োজন ঐতিহ্য সংরক্ষণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপনার মতামত লিখুন :