রাজারহাট প্রতিনিধি
জন্মদিনে কেক কেটে উৎসব না করে ২৬টি গাছ রোপণের মাধ্যমে ব্যতিক্রমীভাবে নিজের ২৬তম জন্মদিন পালন করেছেন রাজারহাট উপজেলা ছাত্রদলের উদীয়মান নেতা আল মিজান মাহিন।
রোববার (১৬ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠ, শান্তিনগর মোড় ও রাজারহাট রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে বট ও পাইকড় গাছ রোপণ করেন তিনি।
এ সময় তার বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আল মিজান মাহিন বলেন, “বিগত দিনগুলোতে বিভিন্ন মাঠ ও রাস্তার মোড়ে বড় বড় বট ও পাইকড় গাছ দেখেছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব গাছ হারিয়ে যাচ্ছে। শতবর্ষী এসব গাছ যাতে একেবারে হারিয়ে না যায়, সে লক্ষ্যেই জন্মদিনে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, জন্মদিন পালনের পাশাপাশি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সবুজ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
