Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

আব্দুল হাকিম সবুজ, রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যানন্দ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রুবেল, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রুশো চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মাহিন, বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম খোকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন আতিকুল ইসলাম ও নাজিম খান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সোহেল হোসাইন কায়কোবাদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন। দোয়া পরিচালনা করেন ডাংরারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের।

পরে প্রায় পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, মুড়ি, কাঁচা বাদাম, সাবানসহ মোট ৯টি পণ্য।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, দলের কোনো নেতাকর্মী সাধারণ মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি কুড়িগ্রামের প্রতিটি গ্রামে উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Exit mobile version