Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে ঐতিহ্যবাহী জাতীয় হাডুডু খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পূর্ব বালাকান্দি দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা হাডুডু প্রতিযোগিতা।
বিনোদন ও সচেতনতামূলক এই খেলায় অংশ নেয় দুই দল — “বিবাহিত বেটির বাপ” বনাম “বিবাহিত বেটার বাপ”। খেলাটির মূল প্রতিপাদ্য ছিল, “খেলা-ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ও পূর্ব বালাকান্দি দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আহাম্মদ আলী।

বক্তব্যকালে আহাম্মদ আলী বলেন, “এই খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ই বিবাহিত এবং ৩৫ বছরের ঊর্ধ্বে। তারা আজ আবারও মাঠে নেমে যুবক বয়সের উচ্ছ্বাস অনুভব করছেন।”

অন্যদিকে “বেটার বাপ” দলের অধিনায়ক নুর আলম বলেন, “একসময় গ্রামবাংলায় হাডুডুর অনেক প্রচলন ছিল। এখন তা বিলুপ্তির পথে। আমরা চাই আমাদের এই আয়োজনের মাধ্যমে আবারও এই খেলা সব গ্রামে ছড়িয়ে পড়ুক। এটা আমাদের জাতীয় খেলা, সেটিকে বাস্তবে ফিরিয়ে আনতে চাই।”

খেলা দেখতে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আনন্দঘন এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

Exit mobile version