
রতন রায়
“শিক্ষার আলো ছড়িয়ে দিতে সমন্বয়ের ব্রত” — এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের রাজারহাটে অনুষ্ঠিত হয়েছে ‘এম্পাওয়ারিং চিলড্রেন থ্রু এডুকেশন (ইসিই)’ প্রকল্পের মাসিক সমন্বয় সভা। বিদ্যালয়ভিত্তিক এই কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করতে স্থানীয় পর্যায়ে নেয়া হচ্ছে সমন্বিত উদ্যোগ।
বৃহস্পতিবার ১৬-১০-২০২৫-সকালে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সমন্বয় সভায় উপজেলার ১২১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নেন। হেম্পেল ফাউন্ডেশনের অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে এ প্রকল্প চলমান রয়েছে ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ আহম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিইটিসির ইন্সট্রাক্টর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ এবং ইএসডিও-ইসিই প্রকল্পের রাজারহাটের প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল।
প্রধান শিক্ষকরা সভায় ইসিই প্রকল্পের কার্যক্রমের উচ্চ প্রশংসা করেন। তারা জানান, ক্লাসরুমে শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন, শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষক-অভিভাবক সমন্বয়ে এই প্রকল্প শিক্ষার্থীদের শিখন ঘাটতি দ্রুত পূরণে সাহায্য করছে।
উপস্থিত কর্মকর্তারা বলেন, প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে ইসিই প্রকল্প একটি যুগোপযোগী ও কার্যকর মডেল হিসেবে কাজ করছে। এর ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর মতো সংস্থার সম্প্রীতি ও অনুপ্রেরণামূলক কার্যক্রম স্থানীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
আপনার মতামত লিখুন :