
মোঃ জাহিদ হাসান, রাজারহাট (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (১ মে) রাতে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ছিনাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৩৬)। তিনি উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ছিনাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪ বোতল এসকাফ (ফেনসিডিল জাতীয় মাদক), ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১০ টাকা এবং মাদক বহনে ব্যবহৃত একটি টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে এবং মাদকের প্রবেশদ্বার বন্ধ করতে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :