রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা, চালক পলাতক


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন /
রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা, চালক পলাতক

মোঃ জাহিদ হাসান ।। রাজারহাট

​কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলু ভর্তি একটি পিকআপ ভ্যান থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে এ অভিযান চালানো হয়।

​ ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলু ভর্তি একটি পিকআপ ভ্যানে করে মাদকের বড় একটি চালান যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে নজরদারি বাড়ায় পুলিশ। এ সময় ‘উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র ছিনাই ইউনিয়ন শাখার সদস্য আব্দুর রশিদ আলুর বস্তার ভেতর গাঁজা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং অবস্থা বেগতিক দেখে পিকআপ ভর্তি আলুর বস্তা ও গাঁজা রেখেই কৌশলে পালিয়ে যায় গাড়ি চালক।

​ ​পরে পুলিশ তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতর লুকিয়ে রাখা ৯ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: ​”৯ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক চালক ও এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।” ​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।