রাজারহাটে অ্যানথ্রাক্স সচেতনতায় মাঠে প্রশাসন


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন /
রাজারহাটে অ্যানথ্রাক্স সচেতনতায় মাঠে প্রশাসন

মোশাররফ হোসেন ।। রাজারহাট

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে রাজারহাট উপজেলায় অ্যানথ্রাক্স রোগের বিস্তার রোধে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে পশু জবাইখানা ও মাংস বিক্রয় পয়েন্ট পরিদর্শন করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রহমত আলী এবং ভেটেরিনারি সার্জন মোছাঃ রনজিনা আক্তার। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তারা রাজারহাট বাজার, ব্র্যাক মোড়সহ একাধিক মাংস বিক্রয় কেন্দ্রের পরিবেশ ও মাংসের গুণগত মান যাচাই করেন। এ সময় বিক্রেতাদের মাংস সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত রাখার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে রাজারহাট থানা পুলিশের সার্বিক সহযোগিতা ছিল। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর থেকে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে— অসুস্থ পশুর মাংস কেনা ও খাওয়া থেকে বিরত থাকার আহ্বান। অসুস্থ বা মৃত পশুর খবর দ্রুত প্রাণিসম্পদ দপ্তরে জানানোর অনুরোধ। কাঁচা মাংস বা পশুর চামড়া খালি হাতে না ধরার পরামর্শ। পশুপালনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়মিত প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ নেওয়ার সুপারিশ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের সচেতনতা ও সহযোগিতাই পারে অ্যানথ্রাক্সসহ যেকোনো রোগের বিস্তার রোধ করতে।