Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে অভিযানে ৩৮ কেজি পচা মহিষের মাংস জব্দ, বিক্রেতা পলাতক

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮ কেজি পচা মহিষের মাংস জব্দ করা হয়েছে। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যান অভিযুক্ত বিক্রেতা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার সিংগারডাবড়ীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমান।

পলাতক বিক্রেতা আবুল কালাম রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের ছপুর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ক্রেতারা জানান, দীর্ঘদিন ধরে কসাই ইয়াছিন আলীর সঙ্গে একই সেডঘরে গরু ও মহিষের মাংস বিক্রি করে আসছিলেন আবুল কালাম। নিয়মিত মাংস কিনতে আসা কয়েকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ টাকার জন্য এত জঘন্য কাজও করতে পারে, ভাবতেই খারাপ লাগছে।”

অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন মোছা. রনজিনা আক্তার, উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. আব্দুল লতিফ সিদ্দিকী, রাজারহাট থানা পুলিশ সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version