
মোশাররফ হোসেন ।। রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চায়না বাজারে অবস্থিত সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের মানোন্নয়ন ও সামগ্রিক বিষয় নিয়ে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নাজমুল আলম। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিশেষ করে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি যত্নবান হতে হবে এবং সন্ধ্যার পরে প্রয়োজন ছাড়া তাদের বাড়ির বাইরে যেতে নিরুৎসাহিত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান সরকার। তিনি পরীক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় আগ্রহী করা, অভিভাবকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা এবং শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সুশিক্ষা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সমাবেশকে প্রাণবন্ত করে তোলেন।
আপনার মতামত লিখুন :