Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ১০ লাখ টাকার ক্ষতি

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চর নাখেন্দা গ্রামের মাহবুব আকন্দের বাড়িতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পরিবারের চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আলমারি, স্যুটকেস, নগদ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার, খাদ্যশস্যসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।

এছাড়া অগ্নিকাণ্ডে পরিবারের দুটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। হঠাৎ আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মাহবুব আকন্দ জানান, আগুনে তাদের সর্বস্ব পুড়ে গেছে। বর্তমানে পরিবারটি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে এবং আকস্মিক এ দুর্ঘটনায় তারা প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Exit mobile version