
রতন রায় ।। রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী মৃৎশিল্প পুনরুজ্জীবিত করা এবং নারী ক্ষমতায়ন জোরদারের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ‘মাতৃকেন্দ্র’ প্রকল্পের আওতায় স্থানীয় মৃৎশিল্পী নারীদের মাঝে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ‘পল্লী সমাজসেবা’ প্রকল্পের আওতায় মোট ৫ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।
স্থানীয় সোম-নারায়ন ও ফরকেরহাট বালাকান্দি এলাকার মৃৎশিল্প অবলুপ্তির ঝুঁকি এবং শিল্পীদের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরা হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে একটি জরুরি সভার আয়োজন করে উপকারভোগীদের হাতে ঋণের চেক হস্তান্তর করা হয়।
‘মাতৃকেন্দ্র’ প্রকল্পের মাধ্যমে পূর্ণিমা রানি, সরস্বতী রানি ও ভানু পালসহ ১২ জন মৃৎশিল্পী নারীকে প্রত্যেকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। পাশাপাশি পল্লী সমাজসেবা প্রকল্পের আওতায় আরও ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়। এই অর্থ কাঁচামাল ক্রয়, উৎপাদন বৃদ্ধি ও বিপণন কার্যক্রমে ব্যবহৃত হবে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন,
“মৃৎশিল্প আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি হারিয়ে যেতে বসেছিল। জীবন-জীবিকার সংকটে থাকা শিল্পীদের স্বাবলম্বী করা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতেই এই ঋণ সহায়তা দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মোছাঃ ববিতা খাতুন, সুপারভাইজার মোঃ রাশেদ পারভেজসহ ঋণ সুবিধাভোগী মৃৎশিল্পী নারীরা উপস্থিত ছিলেন।
এই আর্থিক সহায়তার মাধ্যমে রাজারহাটের ঐতিহ্যবাহী মৃৎশিল্প নতুন করে প্রাণ ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন ও স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :