রাজনীতির দ্বিতীয় ইনিংস শুরুর ঘোষণা দিলেন নুরে এরশাদ সিদ্দিকী


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ২:২৭ অপরাহ্ন /
রাজনীতির দ্বিতীয় ইনিংস শুরুর ঘোষণা দিলেন নুরে এরশাদ সিদ্দিকী

ডেস্ক নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী রাজনীতির “দ্বিতীয় ইনিংস” শুরুর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, জীবনের প্রথম নির্বাচনে অল্পসংখ্যক ভোটারের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, যার জন্য তিনি কৃতজ্ঞ। “হয়তো সবাইকে আমি চিনি না, কিন্তু সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ,”—বলেন তিনি।

নুরে এরশাদ সিদ্দিকী জানান, আগামী পাঁচ বছর তিনি তার কর্মপরিকল্পনা নিয়ে উলিপুরের প্রায় চার লাখ মানুষের দ্বারে দ্বারে যাবেন। প্রতিটি ইউনিয়নে দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিশেষ করে উলিপুর উত্তর থানা প্রতিষ্ঠা এবং পৌরসভার যানজট নিরসনে কাজ করার অঙ্গীকার করেন।

নির্বাচনী চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের আগমুহূর্তে দলীয় অস্থিরতা, নতুন দল ও প্রতীক নিয়ে মাঠে নামা, নেতা-কর্মীদের দলত্যাগ এবং আসন সমঝোতার জটিলতা ভোটারদের বোঝাতে কঠিন হয়ে পড়েছিল। পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামে সাবেক এমপি প্রার্থী থাকায় আঞ্চলিক ভোটের একটি বড় অংশ সেদিকে চলে যায় বলেও উল্লেখ করেন তিনি।

তবে প্রতিকূলতা সত্ত্বেও তিনি কোনো প্রলোভনে পড়েননি এবং অর্থ ও কর্মী সংকট থাকা সত্ত্বেও শেষ দিন পর্যন্ত মাঠে ছিলেন বলে দাবি করেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে অন্য কোনো দলের সঙ্গে সমঝোতা করেননি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী হিসেবে নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছেন এবং হাজারো ভোটারের কাছ থেকে ভবিষ্যতের জন্য আশাবাদী বার্তা পেয়েছেন।

সবশেষে তিনি বলেন, “২০২৬ সালের নির্বাচন আমার আগামী দিনের পাথেয়। সবার দোয়া ও ভালোবাসা চাই। জেগে থাকুক ২০৩০।”