হামার কুড়িগ্রাম

রংপুরে ডিবির অভিযানে ১১০০ পিস ইয়াবাসহ ফুলবাড়ীর মাদক ব্যবসায়ী আটক

বিপুল মিয়া, ফুলবাড়ী

রংপুর নগরের তাজহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তাজহাট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা এলাকার মো. সেলিম মন্ডল (৪৫) এবং রংপুর নগরের তাজহাট থানার কোর্ট ঘাঘটপাড়া এলাকার আমির হোসেন (৩৫)।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে সেলিম মন্ডলের কাছ থেকে ৮০০ পিস এবং আমির হোসেনের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরপিএমপি জানায়, পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদের সার্বিক দিকনির্দেশনায় এবং গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ আরও জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version