ডেস্ক নিউজ
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে নগরীর কোতোয়ালি থানার ২৫ নম্বর ওয়ার্ডের নিয়ন এলপিজি পাম্পসংলগ্ন জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথাগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনা এবং গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আসাদুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস গ্রামের মো. আতাউর রহমান (৩৬) এবং লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মো. লিটন মিয়া (২৯)।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হেরোইন জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






