Site icon হামার কুড়িগ্রাম

রংপুরস্থ উলিপুর উন্নয়ন ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক


সমৃদ্ধ উলিপুর গঠনের লক্ষ্যে রংপুরস্থ উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৭টায় আল আযহার মাদরাসা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

আল মাহমুদ আসাদের সঞ্চালনা ও অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাও. আজগর আলী, আহ্বায়ক রংপুরস্থ উলিপুর উন্নয়ন ফোরাম; ডা. জাহিদুল ইসলাম, সদস্য সচিব রংপুরস্থ উলিপুর উন্নয়ন ফোরাম; নুরুল হুদা, সভাপতি ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগরী; অধ্যাপক বাদল খন্দকারসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সালেহী বলেন, আমরা একটি সমৃদ্ধ উলিপুর গড়তে চাই। এমন একটি উলিপুর গড়তে চাই যেখানে ক্ষুধা ও দারিদ্র্য থাকবে না, বেকারত্ব থাকবে না, চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না, একজন মানুষও গৃহহীন থাকবে না এবং শিক্ষিত ও দক্ষ উলিপুর গড়তে চাই। উন্নয়নের মূল লক্ষ্য হবে শিক্ষা, স্বাস্থ্য ও তরুণ প্রজন্মের কর্মসংস্থান। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈষম্য, জুলুম ও বিদ্বেষমুক্ত একটি উলিপুর গড়তে চাই। এসময় তিনি উলিপুরের সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Exit mobile version