ডেস্ক নিউজ
কুড়িগ্রামে যাত্রীবেশে একটি চক্র অভিনব কৌশলে ব্যাটারিচালিত অটো চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী অটোচালক কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর গ্রামের মো. নাজমুল ইসলাম জানান, গত ১০ জুন দুপুরে তিনি যাত্রী নিয়ে কুড়িগ্রাম শহরে আসেন। শাপলা চত্বরে কয়েকজন যাত্রী নামার পর এক ব্যক্তি নাগেশ্বরী যাওয়ার কথা বলে তার অটোতে ওঠেন। পরে ওই ব্যক্তি আরও যাত্রী তোলার কথা বলে তাকে পুলিশ লাইনস স্কুল গেট সংলগ্ন এলাকায় নিয়ে যান।
নাজমুল ইসলামের ভাষ্যমতে, পুলিশ লাইনস এলাকার একটি পুকুরপাড়ে পৌঁছানোর পর ওই ব্যক্তি মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলে তাকে অটোটি রেখে পাশে বসতে বলেন। কিছুক্ষণ পর তার মাথা ঘুরতে শুরু করে এবং চোখে ঝাপসা দেখতে পান। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
পরদিন তার জ্ঞান ফিরলে তিনি নিজেকে কুড়িগ্রাম সদর হাসপাতালের একটি বেডে দেখতে পান। পরিবারের সদস্যরা তাকে জানান, স্থানীয় লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন। তবে তার অটো ও ওই যাত্রীর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর ১২ জুন কুড়িগ্রাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে তিনি তার চুরি হওয়া অটো উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় একই কৌশলে ব্যাটারিচালিত অটো ও রিকশা চুরির একাধিক অভিযোগ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত চুরি হওয়া যানবাহনের বেশিরভাগই উদ্ধার হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ চক্রটির বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।






