Site icon হামার কুড়িগ্রাম

মোটরসাইকেলের ধাক্কায় বিকল রমনা কমিউটার, রোজার দিনে মাঝপথে দুর্ভোগে যাত্রীরা

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রংপুরগামী রমনা কমিউটার ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে কয়েক ঘণ্টা লাইনের ওপর আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে রাজারহাট স্টেশন সংলগ্ন রাজারহাট ফাজিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। রাত সোয়া ৭টা পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা যায়। আটকে পড়া যাত্রীরা মাঝপথেই প্রথম রোজার ইফতার সম্পন্ন করেন।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি স্টেশনে প্রবেশের আগে রেললাইনের একেবারে পাশে রাখা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিনের নিচের মেইন রিজার্ভার পাইপ খুলে গিয়ে বায়ুচাপ কমে যায়। ফলে ইঞ্জিন অচল হয়ে লাইনের ওপরই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।

তাৎক্ষণিকভাবে ইঞ্জিন সচল করার চেষ্টা করা হলেও সফল না হওয়ায় লালমনিরহাট রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করা হয়। বিকল্প ইঞ্জিন পৌঁছানোর পর সেটি সংযুক্ত করে ট্রেনটি পুনরায় রংপুরের পথে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

হঠাৎ এ যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেকে দীর্ঘ অপেক্ষায় বিরক্ত হয়ে সড়কপথে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। তবে দ্রুত উদ্ধারকাজ সম্পন্নের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজারহাট রেলস্টেশন মাস্টার সুমন মিয়া বলেন, রেললাইনের পাশে অসতর্কভাবে যানবাহন রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেন দ্রুত সচল করতে সর্বাত্মক চেষ্টা চলছে।

Exit mobile version