ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে তিনটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসমিল্লাহ ফার্মেসিকে ৩ হাজার টাকা, সেবা ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং জামতলার সুপার ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ) ধারায় এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর ইসলাম।
অভিযানে কুড়িগ্রামের ড্রাগ সুপার হাফিজুর রহমান এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস), ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর ইসলাম জানান, অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য অনুমোদিত নয়—এমন স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
অভিযানের পর ওষুধ ব্যবসায়ীদের সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন বিসিডিএসের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম। পোস্টে তিনি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, নকল, সরকারি ও স্যাম্পল ওষুধ না রাখার পাশাপাশি ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স হালনাগাদ রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করা জরুরি।
