Site icon হামার কুড়িগ্রাম

মেধার জয়েও অর্থের বাধা: স্যার সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত কুড়িগ্রামের মারুফ এর

নিউজ ডেস্ক

অদম্য মেধা ও কঠোর পরিশ্রমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (এসএসএমসি) ভর্তির সুযোগ পেয়েছেন কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থী মো. মারুফ আহমেদ। তবে অর্থের অভাবে তার মেডিকেলে ভর্তি ও পরবর্তী পড়াশোনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

মারুফ আহমেদ কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামের মরহুম মো. আব্দুস সোবহান ও মোছা. দেলজান দম্পতির সন্তান।

জানা যায়, ছোটবেলায় পিতৃহীন হওয়ার পর থেকেই অভাব-অনটনের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন মারুফ। বিধবা মা দেলজান বেগম নানা কষ্ট সহ্য করে ছেলের পড়াশোনা চালিয়ে যান। ছেলের মেডিকেলে ভর্তির সাফল্যে তার চোখে আনন্দের জল থাকলেও, সেই আনন্দ এখন দুশ্চিন্তায় রূপ নিয়েছে। কারণ, মেডিকেলে ভর্তির ফি ও ঢাকায় থেকে দীর্ঘমেয়াদি পড়াশোনার ব্যয় বহন করা এই পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।

মারুফের এই সংকটময় সময়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন বলেন,
“মারুফ আমাদের কলেজের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। তবে তার মেডিকেল যাত্রা সফল করতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।”

অর্থের অভাবে যেন একজন সম্ভাবনাময় চিকিৎসকের স্বপ্ন ভেঙে না যায়—সে জন্য মারুফের পরিবার ও শুভানুধ্যায়ীরা সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতার আবেদন জানিয়েছেন।


📞 সহযোগিতা ও যোগাযোগ

মো. মারুফ আহমেদ
মোবাইল: ০১৯০২-৮৫২০০৮

Exit mobile version