হামার কুড়িগ্রাম

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে হলোখানায় ৬০০ তরুণ-শিক্ষার্থীর সচেতনতামূলক সভা

কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে প্রায় ৬০০ তরুণ-শিক্ষার্থীর অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হলোখানা ইউনিয়ন পরিষদ মাঠে আল-জাযা ইউনিটি ফাউন্ডেশন-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়। সভায় মাদকের ভয়াবহতা, কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ক্ষতিকর দিক এবং তরুণদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসেন কায়কোবাদ। তিনি তরুণদের উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই তরুণদের হাতেই পরিবর্তন সম্ভব। আমি তোমাদের পাশে সবসময় আছি।”

আল-জাযা ইউনিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে। তরুণদের শক্তি, মেধা ও সময়কে মানবিক ও সামাজিক কাজে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করীম রেজা, কুড়িগ্রাম সদর থানার ওসির প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-যুবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা মাদক থেকে দূরে থাকার পাশাপাশি বন্ধু ও সহপাঠীদের সচেতন করার আহ্বান জানান। একই সঙ্গে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রায় ৬০০ তরুণ-শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Exit mobile version