হামার কুড়িগ্রাম

মাদকবিরোধী প্রচারণায় হামলার অভিযোগ, ভূরুঙ্গামারীতে আহত ১

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন এবং অভিযুক্ত চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদ্রাসা মোড়ে ‘এলাকাবাসী ও সুধিসমাজ’-এর উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইনের আয়োজন করা হয়। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। তারা এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসার ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা চালান।

অভিযোগ অনুযায়ী, কর্মসূচি শেষে ফেরার পথে এলাকার একটি পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালান। এতে গোলজার হোসেন (৪৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত গোলজার হোসেন শুক্রবার রাতেই নাছির উদ্দিন (৫২) ও তার তিন ছেলে—রমজান আলী (৩২), হযরত আলী (২৮) এবং কফিল উদ্দিন (২০)-এর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেন।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, অভিযুক্ত পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, মাদকবিরোধী কর্মসূচি শেষে ফেরার সময় তার সামনেই হামলার ঘটনাটি ঘটে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসার দাবি করা হলেও এ বিষয়ে আদালতে কোনো বিচারিক সিদ্ধান্ত হয়নি। অভিযোগের তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপের ওপর বিষয়টির চূড়ান্ত অবস্থান নির্ভর করবে।

Exit mobile version