নিজস্ব প্রতিবেদক
যে হাত একদিন বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনেছিল, আজ সেই হাতই লড়ছে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে। ইনজুরি, পারিবারিক সংকট ও আর্থিক অনিশ্চয়তায় জর্জরিত ২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী পেসার শাহীন আলমের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের পক্ষ থেকে শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে শাহীন আলমের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস গড়া শিরোপা জয়ে পেস আক্রমণের অন্যতম শক্তি ছিলেন কুড়িগ্রামের এই ক্রিকেটার। কিন্তু সময়ের নির্মমতায় একের পর এক ইনজুরি তাকে মাঠের বাইরে ঠেলে দেয়। এরই মধ্যে বাবা-মায়ের অসুস্থতা এবং চরম আর্থিক সংকট শাহীন আলমের জীবনকে আরও কঠিন করে তোলে। চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগে কোনো দলে জায়গা না পাওয়ায় বন্ধ হয়ে যায় তার উপার্জনের পথ।
সহায়তা হস্তান্তরের সময় আমিনুল হক বলেন, “একজন বিশ্বকাপজয়ী ক্রিকেটার অবহেলায় হারিয়ে যাওয়া দেশের জন্য লজ্জার। শাহীন আলম শুধু একজন খেলোয়াড় নন, তিনি সম্ভাবনার প্রতীক।” তিনি বলেন, তারেক রহমানের এই উদ্যোগ শুধু সহানুভূতির নয়, বরং দায়িত্ববোধের প্রকাশ।
ক্রিকেট বোর্ডের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, খেলোয়াড়দের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের দায়িত্ব। শাহীন আলমের মতো প্রতিভাবান ক্রিকেটারদের ক্ষেত্রে সেই দায়িত্ব আরও বেশি হওয়া উচিত।
সহায়তা পেয়ে আবেগে আপ্লুত শাহীন আলম বলেন, এই সহায়তা তাকে নতুন করে বাঁচার শক্তি দেবে। দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন তিনি।

