রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজাহাটে অভিযান চালিয়ে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা একটি চোরাই অটোরিকশা ও এর বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি ঝাড়খোলা গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদের নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানের সময় আব্দুর রাজ্জাকের শয়নকক্ষে সিমেন্টে বাঁধানো খাটের নিচে মাটির ভেতরে তৈরি গর্তে অটোরিকশাটি লুকানো অবস্থায় পাওয়া যায়। পরে অটোরিকশা ও এর বিভিন্ন মালামাল জব্দ করে তাঁকে থানায় নেওয়া হয়।
আব্দুর রাজ্জাক রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের মাঠেরপাড় বাজারে সাইকেল মেকানিক হিসেবে ব্যবসা করেন। তবে উদ্ধার হওয়া অটোরিকশাটির মালিকের সন্ধান পাওয়া যায়নি।
পুলিশের দাবি, আব্দুর রাজ্জাক অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় রাজাহাট থানায় মামলা হয়েছে।
রাজাহাট থানার ওসি মামুনুর রশীদ বলেন, আব্দুর রাজ্জাকের সঙ্গে চুরির একটি বড় চক্রের সংশ্লিষ্টতা রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
