
মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রাম সদর থানার টাপু ভেলাকোপা এলাকায় নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রায় ৫০-৫৫টি পরিবারের উদ্যোগে ২০১৮ সালে ফারাজি পাড়া জামে মসজিদ নির্মিত হয়। দীর্ঘদিন ধরে ওই মসজিদে নামাজ আদায় করে আসছিলেন মুসল্লিরা। তবে সম্প্রতি মৃত আব্বাসের ছেলে শহিদুল, গোলাজার হোসেনের ছেলে ফারুক হোসেন, মৃত ফজলুর ছেলে আশরাফুল ও স্থানীয় আরও কয়েকটি পরিবার ২৫০ ফিট দূরে আরেকটি নতুন মসজিদ নির্মাণ করে।
অভিযোগ রয়েছে, তারা এলাকাবাসীকে নতুন মসজিদে নামাজ পড়তে বাধ্য করার চেষ্টা চালায়। কিন্তু অনেক মুসল্লি পূর্বের ফারাজি পাড়া জামে মসজিদেই নামাজ পড়তে থাকলে উত্তেজনা দেখা দেয়।
এশার নামাজ শেষে এ নিয়ে বিরোধ দেখা দিলে অভিযুক্তরা একত্রিত হয়ে মৃত আব্দুর রহমানের ছেলে ছকমল হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে তিনি মাটিতে পড়ে গেলে ফারুক হোসেন তার বুকের উপর উঠে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় হাজী নবাব আলী, আব্দুর রহমানসহ অনেকে এগিয়ে এসে ছকমলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
এ ঘটনায় এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি। চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আহতের স্বজনরা জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের মোবাইল নাম্বার না পাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :