Site icon হামার কুড়িগ্রাম

মন্ডলহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে অভিযোগপত্র জমা প্রদান

নিউজ ডেস্ক


মন্ডলহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে চলমান অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকালে স্থানীয় সচেতন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যালয়ের মাঠে মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে, যা শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় এবং এলাকার সামগ্রিক সামাজিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

অভিযোগে আরও বলা হয়, মাঠের মাঝখান দিয়ে অবাধ যাতায়াত এবং গরু-ছাগলের প্রবেশের কারণে মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগিতা হারাচ্ছে।

এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে। প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—মাঠে নিরাপত্তা জোরদার, অনিয়ন্ত্রিত যাতায়াত বন্ধ, গবাদিপশুর প্রবেশ নিষিদ্ধ করা এবং প্রয়োজন অনুযায়ী সিসিটিভি ক্যামেরা স্থাপন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপা রায় অভিযোগটি গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান মুন, আবু তালহা রিফাত ও শাহীন আলমসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ।

Exit mobile version