নিউজ ডেস্ক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা জোরদার করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পটির কার্যক্রম শুরু হয়।
পুলিশ সূত্র জানায়, এখানে ১৫ জন সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবেন। তারা সার্বক্ষণিক টহল, যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং সেতু ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ, কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাত ধরে উত্তরাঞ্চলের বহুল প্রতীক্ষিত এ সেতুর উদ্বোধন হয়। এরপর থেকে মানুষের চলাচল সহজ হলেও নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনায় অতিরিক্ত সহায়তার লক্ষ্যে পুলিশ ক্যাম্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

